
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কাশিহাটা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কাশিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী প্রচারণা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কালিয়াহরিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন আলীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক নারী, তরুণ ও নতুন ভোটার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 

















