
জি এম স্বপ্না সিরাজগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। কোনোভাবেই চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে মেধাবী জনগোষ্ঠীর মেধা বিকাশে রাষ্ট্র সর্বাত্মক সহযোগী হিসেবে কাজ করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক শাহজাহান আলী।
ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা প্রতীক নয় আদর্শই হবে আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি। ‘হ্যাঁ’ ভোট মানে হলো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং কোনো ধরনের ভয়ভীতি বা চোখ রাঙানিকে তোয়াক্কা না করা। আমরা ক্ষমতায় গেলে বিচারের নামে কোনো প্রহসন থাকবে না, বিচার হবে নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি আরও বলেন, আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজি, দুর্নীতি ও অবিচার সম্পূর্ণভাবে নির্মূল করা হবে এবং জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচারী শাসন দেখতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নতুনভাবে সাজানো হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবির সভাপতি মহসিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Reporter Name 


















