
ঢাকা অফিস :
২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা থেকে সাপ্তাহিক শুক্র ও শনিবারকে সাধারণ ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে আগের মতো পূর্ণাঙ্গ ছুটি বহাল রাখারও আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেওয়া হয়। সংগঠনটি নতুন করে ছুটির তালিকা সমন্বয়ের দাবি জানিয়েছে।
জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের ছুটির তালিকায় রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ রয়েছে।
আবেদনে বলা হয়, রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য। দীর্ঘ সময় রোজা পালনের পাশাপাশি রাতের তারাবিহ নামাজ আদায়ের কারণে শারীরিক ও মানসিকভাবে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়েন। এ অবস্থায় রমজানের পবিত্রতা রক্ষা ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের দুর্ভোগ কমাতে পুরো রমজান মাস ছুটি রাখা প্রয়োজন।
এ ছাড়া সংগঠনটির নেতারা দাবি করেন, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় মোট আটটি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যুক্তিসংগত নয়। এসব দিনের মধ্যে রয়েছে মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বরের ২৫ ও ২৬ তারিখ।
তাদের মতে, সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির কোটা হিসেবে গণনা করলে প্রকৃত ছুটির সংখ্যা কমে যায়। তাই এসব দিনকে ছুটির তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে সমন্বয় করার দাবি জানানো হয়েছে। আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রমজান মাসে পূর্ণ ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
Reporter Name 
















