
রিয়াজুল হক সাগর রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও অভিযানের সময় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।
পীরগাছা থানার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পারুল ইউনিয়নের শরীফ সুন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার মৃত আফতার আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৭)-এর বাড়ি থেকে ১৬৮ লিটার চোলাই মদসহ মদ তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার একেএম মহিব্বুল ইসলাম জানান, অভিযান চলাকালে মো. মোমিন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে চোলাই মদ প্রস্তুতকারী সাইদুল ইসলাম এবং তার সহযোগী অজ্ঞাত আরও দুই-তিনজন কৌশলে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার ৮শ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে এবং জব্দকৃত মাদক ধ্বংস করা হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি এলাকায় চোলাই মদসহ বিভিন্ন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। মাদক সহজলভ্য হওয়ায় তরুণ সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের নিয়মিত অভিযান চললে পরিস্থিতির উন্নতি সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পীরগাছা ও আশপাশের এলাকায় চোলাই মদ তৈরি ও সরবরাহ করে আসছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।
Reporter Name 

















