
সাজ্জাদ হোসেন সালথা ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি সব দল-মতের ঊর্ধ্বে উঠে একজন দায়িত্বশীল ও অভিভাবকসুলভ নেত্রী হিসেবে দেশের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
রোববার বিকেলে ফরিদপুরের সালথা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় ফরিদপুর-২ গণঅধিকার পরিষদের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু ক্ষমতার রাজনীতির অংশ ছিলেন না; তার আপোষহীন নেতৃত্ব, দৃঢ় অবস্থান, রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক গুণাবলি তাকে উপমহাদেশের একজন কিংবদন্তি নেত্রী হিসেবে ইতিহাসে স্থান দিয়েছে। দমন-পীড়ন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার সংগ্রাম মানুষের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও আদর্শ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; তার রাজনৈতিক সংগ্রাম ও দর্শন আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব বিস্তার করেছে। দোয়া মাহফিল থেকে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাতবাসী করার প্রার্থনা জানান।
সালথা-নগরকান্দা এলাকার রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, এ অঞ্চলে ধানের শীষের রাজনীতিই এখন জনগণের রাজনীতি। যারা নেতৃত্বে আসতে চান, তাদের প্রতি আহ্বান সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন এবং সুসংগঠিত রাজনৈতিক প্রস্তুতির কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।
Reporter Name 



















