
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঈশ্বরগঞ্জ উপজেলায় ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এতে উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি গুজব, উসকানি ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহাসানুল্লাহ কাসেমী বলেন, নির্বাচনকেন্দ্রিক বিভ্রান্তি ও সহিংসতা এড়াতে ধর্মীয় নেতাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা জিয়াউল হক বলেন, নির্বাচনকালীন সময়ে মসজিদকেন্দ্রিক শান্ত পরিবেশ বজায় রাখা ইমামদের দায়িত্ব। ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিত করা সম্ভব।
এছাড়া জাতীয় ইমাম সমিতির তারুন্দিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা রুহুল আমিন বলেন, ইমাম সমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজে শান্তি বজায় রাখা সহজ হয়। সভা শেষে পাঠবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকী দেশ, জাতি এবং আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
Reporter Name 



















