
রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক থাকা যুবক মো. আরিফুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত আরিফুল ইসলাম পূর্বপরিচিত ছিলেন। গত বছরের ২৭ ডিসেম্বর প্রেমের প্রস্তাবের কথা বলে অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে তার বাড়িতে ডেকে নেয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের কাফরুল থানা এলাকার শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন খোদ্দ নারায়ণপুর এলাকার মনছুর আলীর ছেলে। র্যাব সূত্র জানায়, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 
















