
শফিউল আযম, বেড়া প্রতিনিধি:
নকল দুধ তৈরির অপরাধে পাবনার বেড়া উপজেলায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে বেড়া উপজেলার পেঁচাকোলা সরকার পাড়ায় একটি দুগ্ধ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জয়দেব ঘোষ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র রায় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানায় নকল দুধ তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল দুধ ও দুধ তৈরির বিপুল পরিমাণ ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জয়দেব ঘোষ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল দুধ তৈরি ও বাজারজাত করার অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিকে পরে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
Reporter Name 

















