
ঢাকা অফিস :
বাংলাদেশের সঙ্গে তিনি আগে থেকেই ভালোভাবে পরিচিত এবং আবার ঢাকায় দায়িত্ব নিতে পেরে আনন্দিত এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কূটনৈতিক দায়িত্ব শুরু হয়। শনিবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
শপথ গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আগেও কাজ করার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও বাস্তবতার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত। এই দেশে পুনরায় দায়িত্ব নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। তিনি আরও বলেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত মার্কিন ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের বিবৃতিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, তার অভিজ্ঞতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। এদিকে, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Reporter Name 

















