
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) থেকে সরে এসে ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। এ ঘটনাকে স্থানীয় ছাত্ররাজনীতিতে একটি নতুন ও ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন রাজনৈতিক মহল।
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা ছাত্রদলে যোগ দেন। এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন এনসিপি ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক সাগর। অন্যরা হলেন আব্দুল কাদির মন্ডল, নাঈম ইসলাম, নুর মোহাম্মদ, সাইম আহমেদ, আব্দুল কাইয়ুম মন্ডল, রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহাগ মিয়া ও হৃদয় মিয়া।
যোগদানের পর নবাগত নেতাকর্মীরা ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের অভিনন্দন জানিয়ে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় মোজাম্মেল হক সাগর বলেন, আমি আদর্শিকভাবে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ আন্দোলনের লক্ষ্য সামনে রেখে অনুসারীদের নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছি। তরুণ সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, উপজেলা ছাত্রদলের নিয়মতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তরুণরা দলে যুক্ত হচ্ছেন। শহীদ জিয়ার আদর্শে সবাইকে নিয়ে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।
Reporter Name 
















