
আব্দুল আলীম, বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা সম্মেলন কক্ষে ‘আত্মা-অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক।
বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদান করা হচ্ছে। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রমের ফলে সেবাগ্রহীতারা এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে অনিয়ম কমেছে এবং সমাজসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মো. রাশেল আহমেদ, সমাজসেবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূর এ আল হেলাল রিজন, ইউনিয়ন সমাজসেবা কর্মী মোছা. আয়েশা খাতুন, যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের সভাপতি মো. আবু হোসেন, সেক্রেটারি মো. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।
Reporter Name 

















