
রিয়াজুল হক সাগর, রংপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ আসনে দাখিল করা মোট ৯টি মনোনয়নপত্র পরীক্ষা করে ৮টি বৈধ ও ১টি অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।
নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অপরদিকে বাকি আটটি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ (মার্কসবাদী) প্রার্থী আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান বলেন, যাচাই-বাছাই শেষে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের জানান, তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে তিনি মহামান্য আদালতে আপিল করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন এবং সঠিক সিদ্ধান্ত আসবে। তিনি আরও বলেন, লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী এবং ভোটারদের সমর্থনে বিজয়ী হওয়ার প্রত্যাশা রাখেন।
তিনি অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, বড় ধরনের ত্রুটি না থাকলে মনোনয়নপত্র বাতিল করা হবে না। কিন্তু সামান্য ত্রুটির অজুহাতে তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
Reporter Name 
















