
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিক্যাল বোর্ডের প্রতিনিধি ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন সময় পার করছিলেন এবং তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
স্বাস্থ্য সংকটের এই সময়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ নিকট আত্মীয়রা নিয়মিত হাসপাতালে খোঁজখবর রাখেন। খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, নাতনি-নাতনিরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 
















