
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস সরবরাহের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় সাতটি ঘোড়ার মাংস ভর্তি বস্তা ও একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকালে কাজিপুর সদরের ২নং স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুইজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারাবাগান এলাকার মৃত আবুর ছেলে ট্রাকচালক মোঃ তারেক মিয়া। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীর চরাঞ্চলে একটি চক্র গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাঠাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাতটি ঘোড়ার মাংস ভর্তি সাতটি বস্তাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাইদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রাকচালক মোঃ তারেক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান।
Reporter Name 
















