
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
মৃত্যু সবার জন্য অবধারিত হলেও মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থানের প্রতি অবহেলা সমাজের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। সেই উপলব্ধি থেকেই আঠারবাড়ি ইউনিয়নের প্রায় শতবর্ষী একমাত্র সরকারি কবরস্থান রক্ষায় সচেতনতার উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় আঠারবাড়ি গ্রাম মেইন রোড সংলগ্ন সরকারি কবরস্থানে বাউন্ডারি নির্মাণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রবীণ, তরুণ সমাজকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম। তিনি বলেন,
“এই কবরস্থান শুধু একটি জমি নয়, এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় এর পবিত্রতা নষ্ট হচ্ছে। দ্রুত বাউন্ডারি নির্মাণ এখন সময়ের দাবি।”
আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরুল হুদা বলেন,
“তরুণ সমাজ হিসেবে আমরা কবরস্থান রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাশ্রম দিতে প্রস্তুত। প্রশাসনের সহযোগিতা পেলে কাজ বাস্তবায়ন সহজ হবে।”
সমাজকল্যাণ তরুণ সংঘ ও স্বপনে আঠারবাড়ি সংগঠনের সভাপতি আরিফ হাসান বলেন,
“কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, আঠারবাড়ি ইউনিয়নের ৬নং ওর্য়াডের সাবেক মেম্বার সাইদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ইফতেখার জাহান রুমান, ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান মিল্কান, আঠারবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সমাজ কল্যাণ তরুণ সংঘ ও স্বপনে আঠারবাড়ি সংগঠনের সভাপতি ও আঠারবাড়ি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হাসান, সমাজ কল্যাণ তরুণ সংঘ ও স্বপনে আঠারবাড়ি সংগঠনের সিনিয়র সভাপতি ইমরান তুষার
আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। এতে সহযোগিতা করেন সমাজকল্যাণ তরুণ সংঘ ও ‘স্বপ্নের আঠারবাড়ি’। সভা শেষে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কবরস্থান রক্ষণাবেক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, এই সচেতনতা উদ্যোগ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবে এবং আঠারবাড়ির একমাত্র সরকারি কবরস্থানটি দ্রুত বাউন্ডারি নির্মাণের মাধ্যমে তার প্রাপ্য মর্যাদা ফিরে পাবে।
Reporter Name 
















