
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়ি থানাধীন বাগানবাড়ি ছাপরা মসজিদ এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে সংঘটিত এ ঘটনায় আনুমানিক ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে প্রায় দুই কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৪টা ৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলটি মানিক নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন প্রায় ৩০ হাজার বর্গফুট আয়তনের ঝুট গোডাউন।
খবর পেয়ে কোনাবাড়ি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য ঝুট থাকায় আগুন পুরোপুরি নির্বাপণে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে।
উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং সারাবো মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সমন্বিতভাবে আগুন নেভানোর কাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে গোডাউনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও সময়মতো উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশের এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Reporter Name 
















