
নিজস্ব প্রতিনিধি:
ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় তিন শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।রোববার (২১ ডিসেম্বর) ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে একদল দুষ্কৃতকারী হামলা চালায়। এ সময় তারা ভবনের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানটের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন’-এর সব ধরনের ক্লাসসহ সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 


















