
বার্তাকক্ষ:
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা এ হামলা চালান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও আন্দোলনের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, রামপুরায় বিটিভি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ৩ টার দিকে আগুনের খবর পেয়েই দুটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দিয়েছে। পুলিশ নিরাপত্তা দিয়েও নিয়ে যেতে পারছে না।
বৃহস্পতিবার সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। নিহত হয়েছেন একজন গাড়িচালক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর ১০, বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রাজশাহী, যশোরেও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব স্থানেও পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
Reporter Name 
















