
লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে পৃথক দুটি গ্রাম থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় কৃষক ও গৃহস্থদের মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী ও কুসুম্বী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় চোরের দল পেঙ্গুয়ারী গ্রামের কৃষক মন্টু প্রামাণিকের গোয়ালঘর থেকে চারটি গরু নিয়ে যায়। একই রাতে পাশের কুসুম্বী গ্রামের সাজেদুল ইসলামের গোয়ালঘর থেকেও একটি গাভী ও একটি বাছুর চুরি হয়। বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু না পেয়ে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
একই রাতে কাছাকাছি দুটি গ্রাম থেকে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গরু পালন করে জীবিকা নির্বাহ করা পরিবারগুলো রাতে গোয়ালঘর ও বাড়িঘরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তারা চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি এলাকায় রাতের টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। স্থানীয়দের দাবি, গত এক মাসে তাড়াশ উপজেলায় প্রায় ২৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
Reporter Name 
















