
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সেখের ছেলে মো. লিটন সেখ (৪৮), বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মহল গ্রামের মো. জেল হকের ছেলে মো. আলহাজ ইসলাম (৩৫), একই উপজেলার চক ডাকাতিয়া গ্রামের মো. সিহাব আলীর ছেলে মো. নুহ হাসান রুবেল (৩৫) এবং রান্ডিলা আতাউল্লাহ এলাকার মো. রব্বানী মণ্ডলের ছেলে মো. চাঁন মিয়া (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত মো. লিটন সেখ, মো. আলহাজ ইসলাম ও মো. নুহ হাসান রুবেলকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. চাঁন মিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Reporter Name 















