
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়ে বিতরণের জন্য রাখা ৪ বস্তা পচা চাল পরিবর্তন করে নতুন চাল সরবরাহ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (১৮ মে) সকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলাকালে উপকারভোগীরা কয়েকটি বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ করেন। তাদের দাবি, চালের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং কিছু চাল পচা থাকায় তা ব্যবহারের অনুপযোগী ছিল। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার পর বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ‘রায়গঞ্জে দুঃস্থদের মাঝে পচা-দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে ব্যবস্থা গ্রহণ করে অভিযোগ ওঠা ৪ বস্তা চাল সরিয়ে ভালো মানের নতুন চাল সরবরাহ করে। ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশ বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরে অভিযোগের ভিত্তিতে যাচাই করে পচা ও দুর্গন্ধযুক্ত চার বস্তা চাল পরিবর্তন করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকারভোগীদের জন্য ভালো মানের চাল নিশ্চিত করা হয়েছে। স্থানীয়রা বলছেন, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বিতরণে আরও সতর্কতা ও কঠোর তদারকি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
Reporter Name 









