
আব্দুল আলিম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় প্রান্তিক তাঁতিরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেন, বাংলাদেশ তাঁত বোর্ডের সহযোগিতা কেবল কাগজে-কলমে সীমিত রয়েছে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও অনেকেই ভূয়া তাঁতি সেজে প্রণোদনা ও সহায়তা পান। তাঁরা দাবি করেন, কার্যক্রমে সচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কোন বৈষম্য গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার দুপুরে তামাই অগ্রণী সংসদ ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি। তিনি সরাসরি তাঁতিরা যেসব সমস্যার মুখোমুখি, তা শোনেন।
বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজন করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক শুকুমার শাহা, সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস ছামাদ খান ও বেলকুচি তাঁত বোর্ডের লিয়াঁজো অফিসার তন্নী খাতুন।
এদিকে তামাই হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী আব্দুল আজিজ সরকার এবং তাঁতি আব্দুল গফুর খান জানান, দেশের প্রায় ৭০ শতাংশ কাপড় উৎপাদন হয় তামাই গ্রামে। তবে রং ও সুতার মূল্যসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধির কারণে গ্রামের বহু কারখানা বন্ধ হওয়ার পথে।
তাঁতিরা আরও জানান, উচ্চ সুদে ঋণ নিয়ে অনেক তাঁতিই ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকারিভাবে কম সুদে ঋণ প্রদানের মাধ্যমে শিল্পটি টিকিয়ে রাখা সম্ভব। এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সংস্থা থেকে হয়রানি বন্ধ করতে হবে। তাঁত শিল্পে গ্যাস সংযোগসহ পরিবেশ সুরক্ষায় ইটিপি প্ল্যান্ট নির্মাণেও সরকারি সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তাঁতিরা।
প্রধান অতিথির বক্তব্যে মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রকৃত তাঁতিরাই বোর্ডের সহযোগিতা পাবেন। এছাড়া শিল্পে পরিবেশ রক্ষা ও গ্যাস সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 









