
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সালথা ক্রিকেট ফ্যান্স ক্লাব’ আয়োজিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। শনিবার সকাল ৯টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন করেন আয়োজকরা। মাঠজুড়ে খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস আর ক্রীড়ামোদীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরের পান্নু ক্রিকেট একাদশ এবং ফরিদপুরের শেখ মটরস। টস শেষে খেলা শুরু হতেই দর্শকসারি প্রাণবন্ত হয়ে ওঠে। দুটি ভিন্ন জেলার দল হওয়ায় ম্যাচটিকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ; সমর্থকদের উচ্ছ্বাসে পুরো মাঠ রঙিন হয়ে ওঠে।
টুর্নামেন্টের প্রধান স্পন্সর তামিম ইলেকট্রনিক্স ও মুসলিম সুইটস অ্যান্ড ডেইরী। আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সম্ভাবনাময় ক্রিকেটারদের উঠে আসার সুযোগ দেওয়া এবং সুস্থ বিনোদন নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন মাসুদুর রহমান, সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি, সবুজ সেখ, খোয়াজ শেখ, সাগর আহমেদ ও নুর আলম। আয়োজকরা জানান, টুর্নামেন্টজুড়ে প্রতিটি ম্যাচে থাকবে রোমাঞ্চ ও প্রতিদ্বন্দ্বিতা, এবং সমাপনী দিনে উপস্থিত থাকবেন স্থানীয় বিশিষ্টজনেরা।
Reporter Name 













