
ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় শিশু মোঃ রাহিম শেখ (১২)কে উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যমে স্বদেশে ফেরত দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বুধবার (০৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে রাজশাহী জেলার পবা উপজেলার হারুডাঙ্গা ক্যাম্পের চর মাঝারদিয়ার সীমান্ত এলাকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি দল শিশুটিকে নিয়ে যায়। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে দুই দেশের শূন্য রেখায় এক পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবির হারুডাঙ্গা ক্যাম্প কমান্ডার মাহবুবের সঙ্গে এসআই মাসুদ কবির, এএসআই শাহানাজ, বিপ্লব ও নয়ন সরকার সমন্বয় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত শিশু মোঃ রাহিম শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ছেলে। গত ১ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর পঞ্চপটি এলাকার শেখেরচক মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটি তালাইমারী সীমান্তবর্তী এলাকা দিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছিল।
এ ঘটনায় স্থানীয় জনগণ পুলিশের মানবিক ও পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, বোয়ালিয়া মডেল থানার এ উদ্যোগ আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করবে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিললুর রহমানের নির্দেশনায় আদালতের আদেশ অনুসরণ করে শিশুটিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু এই বিশ্বাসকে ধারণ করেই আমরা কাজ করি। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকেও দায়িত্ব পালন আমাদের অঙ্গীকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিকতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের সফলতা অর্জন সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও অপরাধ দমনে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
Reporter Name 









