
নিজস্ব প্রতিবেদক:
পাবনার বেড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টায় বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার তত্ত্বাবধানে পৌরসভাসহ হাটুরিয়া-নাকালিয়া, চকলা, কৈটোলা, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, জাতশাখিনী, রূপপুর, মাসুমদিয়া ও ঢালারচর ইউনিয়নের মোট ১৬৭ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এতে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের সহায়তা কার্যক্রমকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে, যাতে নিম্নআয়ের মানুষরাও উৎসবটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেন।
Reporter Name 









