
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ফুডপান্ডা রাইডারদের সঙ্গে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি রাইডারদের কর্মপরিবেশ, বিভিন্ন সমস্যা ও নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের গুড ফুড রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে তিনি রাইডারদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাইদুর রহমান বাচ্চু বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফুডপান্ডা রাইডাররা দিন-রাত মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। করোনাকালেও তারা ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের এ পরিশ্রম ও দায়িত্বশীলতা প্রশংসার দাবিদার।
তিনি বলেন, রাতের বেলায় খাবার পৌঁছে দিতে গিয়ে অনেক রাইডার নিরাপত্তাঝুঁকিতে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। মতবিনিময়ে রাইডাররা অর্ডার দিয়ে হয়রানি, বাসার নিচে রাখা সাইকেল ও মোটরসাইকেল চুরি বা ছিনতাইসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন বাচ্চু। রাইডারদের পক্ষে টুটুল বক্তব্য দেন। তিনি সাইদুর রহমান বাচ্চুর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে রাইডারদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান। মতবিনিময় শেষে রোদ-বৃষ্টিতে দায়িত্ব পালনকারী রাইডারদের মধ্যে ছাতা বিতরণ করেন সাইদুর রহমান বাচ্চু। উপহার পেয়ে রাইডাররা সন্তোষ প্রকাশ করেন।
Reporter Name 











