
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গুডনেইবারস বাংলাদেশের উদ্যোগে Good Change for the World কর্মসূচির আওতায় পার্টনার স্কুলের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সিরাজগঞ্জ সিডিপি (CDP) কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন পার্টনার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার বিপ্লব মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের রায়গঞ্জ সংবাদদাতা ও স্বদেশের খবরের সম্পাদক সোহেল রানা। প্রশিক্ষণে গণিত বিষয়ের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চকগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেদওয়ানুল হক। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের আধুনিক গণিত শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, সমস্যা সমাধানভিত্তিক পাঠদান এবং আনন্দময় শিক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন।
কর্মশালায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশু-বান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলা, কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, আধুনিক শিক্ষণ-পদ্ধতির ব্যবহার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নিয়মিত ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা নতুন শিক্ষণ কৌশল আয়ত্ত করতে পারেন, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণ কৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও আনন্দমুখর শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। উল্লেখ্য, গুডনেইবারস বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, শিশু অধিকার, স্বাস্থ্যসেবা এবং কমিউনিটি উন্নয়নসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টেকসই সামাজিক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
Reporter Name 


















