
শফিউল আযম, বিশেষ প্রতিনিধি:
রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে পাবনা প্রেসক্লাবের বিরুদ্ধে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন আয়োজন করতে না দেওয়ার অভিযোগ করেছে দলটি।
জামায়াত সূত্রে জানা গেছে, পাবনার বুদেরহাট এলাকায় নারী কর্মীদের ওপর হামলা এবং সদরের কয়েকজন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী। এ উপলক্ষে পাবনা প্রেসক্লাবের মিলনায়তন ব্যবহারের জন্য ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে কোনো লিখিত কারণ ছাড়াই মৌখিকভাবে সংবাদ সম্মেলনের অনুমতি না দেওয়ার অভিযোগ করে জামায়াত। বাধ্য হয়ে দলটি পরে তাদের নির্বাচনি কার্যালয়েই সংবাদ সম্মেলন আয়োজন করে। জামায়াত নেতারা জানান, এর আগেও একাধিকবার প্রেসক্লাবে তাদের কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর থেকে বিএনপির একটি অংশ প্রেসক্লাবটির নিয়ন্ত্রণ নিয়ে তা রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়।
প্রেসক্লাব আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতভাবে ওই বিএনপি প্রার্থীকে অতিথি করা হলেও অন্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয় না বলেও অভিযোগ উঠে। পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ বলেন, “৫ আগস্টের পর থেকে প্রেসক্লাবে আমাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। সম্প্রতি ক্লাবের সাবেক সভাপতি ফজলু ভাই আমাদের নির্বাচনি কার্যালয়ে এসে অতীত ভুলে গিয়ে ক্লাবে কর্মসূচি করার আহ্বান জানান। তার কথায় বিশ্বাস করেই আমরা সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু শেষ পর্যন্ত আবারও রাজনৈতিক পক্ষপাতিত্বের শিকার হতে হলো।এ বিষয়ে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, এ বিষয়ে জামায়াতের প্রার্থী ইকবাল ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। মিলনায়তন ভাড়া সংক্রান্ত বিষয় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দেখেন। মিলনায়তন ফাঁকা ছিল কি না, সে বিষয়ে আমার জানা নেই।
Reporter Name 









