
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে সলঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে অভিযান চালানো হয়। তথ্য ছিল, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র চুরি শেষে সেখানে অবস্থান করছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে চক্রের ৯ সদস্যকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)। সলঙ্গা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 
















