
রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি:
প্রেমিকার কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে রংপুরে মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি প্রিন্টিং দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য প্রেসক্লাব মার্কেটের একটি দোকানে যান। তার আচরণ সন্দেহজনক মনে হলে দোকান মালিক মিজানুর রহমান বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। ওই তরুণী তার পরিচয়ের সত্যতা যাচাই করতে আইডি কার্ড দেখতে চাইলে তিনি ভুয়া আইডি কার্ড তৈরির চেষ্টা করেন।
কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, “প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে গিয়ে সহকারী পুলিশ সুপারের ভুয়া আইডি কার্ড তৈরির চেষ্টা করেন মোস্তাফিজুর। দোকান কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মতে, এমন প্রতারণামূলক কর্মকাণ্ড সামাজিক বিশ্বাস ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তারা মনে করছেন।
Reporter Name 
















