
জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নিয়ে আসে এই সিয়াম সাধনার মাস। রমজানকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সিরাজগঞ্জের সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদে প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রতিদিন নির্ধারিত সময়ে রোজাদারদের জন্য খেজুর, শরবত, পানি, ছোলা, বুন্দিয়া ও মুড়িসহ বিভিন্ন খাবারের মাধ্যমে ইফতার পরিবেশন করা হচ্ছে। বিশেষ দিনগুলোতে থাকে উন্নতমানের খাবারের ব্যবস্থাও। বুধবার প্রায় এক হাজার রোজাদারকে নিয়ে বিরিয়ানির মাধ্যমে বিশেষ ইফতার আয়োজন করা হয়, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এতে মসজিদ প্রাঙ্গণ যেন রোজাদারদের এক মিলনমেলায় পরিণত হয়।
এই ইফতার আয়োজনে দিনমজুর, নিম্নআয়ের মানুষ, আশপাশের পথচারী, হাটুরে ব্যবসায়ীসহ মসজিদের নিয়মিত মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। প্রতিদিনের এই উদ্যোগের ফলে দূরদূরান্ত থেকে আসা অনেক পথচারী ও ভ্রমণরত মানুষ সময়মতো মসজিদে এসে ইফতার করতে পারছেন।
সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদের সেক্রেটারি আলহাজ দেলোয়ার হোসেন জানান, মসজিদের নিয়মিত মুসল্লিদের অনুদান এবং মসজিদ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় প্রতিবছরই রমজান মাসজুড়ে এই ইফতার কর্মসূচি পরিচালিত হয় এবং এ বছরও তা অব্যাহত থাকবে।
ইফতারে অংশ নিতে আসা অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেন। এক পথচারী বলেন, ভ্রমণের পথে থাকা মানুষের জন্য এমন আয়োজন অত্যন্ত সহায়ক। এতে নির্দিষ্ট সময়ে সহজেই ইফতার করা যায়। স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উদাহরণ হিসেবে এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করছে।
Reporter Name 









