
গাজীপুর প্রতিনিধি :
উপজেলা ভিত্তিক স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে জাতীয় পর্যায়ে দশম স্থান অর্জন করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এই সাফল্যের পেছনে রয়েছে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের নিরলস পরিশ্রম, ত্যাগ ও পেশাদারিত্ব। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নিয়মিত তদারকির ফলে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবাগ্রহীতারা আগের চেয়ে উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা পাচ্ছেন।
স্থানীয়দের মতে, একসময় এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে নানা অভিযোগ থাকলেও বর্তমানে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। হাসপাতালের পরিবেশ, ব্যবস্থাপনা ও রোগীসেবায় এসেছে গতি ও শৃঙ্খলা। যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বর্তমানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শফিকুল ইসলাম। অল্প সময়ের মধ্যেই তিনি দক্ষ নেতৃত্ব, স্বচ্ছ ব্যবস্থাপনা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শ্রীপুরবাসীর আস্থা অর্জন করেছেন। তার কার্যকর উদ্যোগ ও তদারকিতে হাসপাতালের সামগ্রিক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে মনে করছেন সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহল।
জাতীয় পর্যায়ে এই অর্জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য যেমন গর্বের, তেমনি এটি ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Reporter Name 


















