লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা সংক্রান্ত একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে তাড়াশ পৌর এলাকার উপজেলা পাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, ওই সময় একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে নিরাপদে সরিয়ে নেয়। ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বাবুল শেখ। গ্রেফতারের আগে তিনি দাবি করেন, মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাকে আসামি করেছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি বাবুল শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
ই-মেইল: swadesherkhobor@gmail.com