নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর বিশেষ অভিযানে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব-১২ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান (৩০)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার চালানটি সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১২ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
ই-মেইল: swadesherkhobor@gmail.com