সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খুকনী ইউনিয়নের রহমতখোলা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুর সাত দিন পেরিয়ে গেলেও এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিশু হলো মো. আব্দুল্লাহ (১০) ও মো. আফছার আলী (৯)। তারা দুজনই রহমতখোলা এলাকার বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন সকালে পাশের গ্রামের দুই কিশোর রাকিব ও রাহিম আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আব্দুল্লাহ খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে কয়েকটি ক্লাসে অংশ নেয়। দুপুরে টিফিনের জন্য বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার বের হয়ে যায়। এ সময় তার সঙ্গে আফছার আলীরও দেখা হয়। পরিবারের সদস্যদের দাবি, ওই সময় রাকিব ও রাহিমের সঙ্গেও তাদের কথা বলতে দেখা যায়। এরপর থেকেই দুই শিশুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এদিকে ঘটনার পর রাকিব ও রাহিমও এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। পরে তারা ঢাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ ঘটনায় আব্দুল্লাহর বাবা এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে এনায়েতপুর থানার কর্মকর্তা এস এম রিয়াজুলের নেতৃত্বে অভিযান চালিয়ে রাকিব ও রাহিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে নিখোঁজের সাত দিন অতিবাহিত হলেও শিশু দুটির অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি শিশু দুটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ই-মেইল: swadesherkhobor@gmail.com