নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর থানার বহুল আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১২, সিরাজগঞ্জের নেতৃত্বে র্যাব-৪ ও র্যাব-২ এর পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেলে ভুক্তভোগী এক নারী কড্ডা রেলস্টেশন এলাকা থেকে একটি অটোরিকশায় যাত্রা করেন। পরে অটোরিকশার চালকসহ কয়েকজন ব্যক্তি কৌশলে তাকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে চারজন ব্যক্তি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী ৭ জুন সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ জুন ঢাকার সাভারের ইমান্দীপুর রানাপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসূল (২০) নামে এক আসামিকে গ্রেফতার করে র্যাব-৪, সিপিসি-২। পরে ১৭ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে মো. দূর্জয় সরকার (২০) নামে অপর এক আসামিকে গ্রেফতার করে র্যাব-২, সিপিসি-৩। গ্রেফতারকৃত দুই আসামির বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামে। তারা মামলার এজাহারভুক্ত আসামি বলে র্যাব নিশ্চিত করেছে। র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. মমিনুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
ই-মেইল: swadesherkhobor@gmail.com