লুৎফর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আছাদুজ্জামানকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, বেতন কর্তন এবং মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গভর্নিং বডি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ মো. আছাদুজ্জামানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলেও তিনি এখনো স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র, ইউজার আইডি-পাসওয়ার্ড এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর না করে উপাধ্যক্ষ দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কলেজের গভর্নিং বডি সূত্রে জানা যায়, অধ্যক্ষের দায়িত্ব পুনর্বহালের পর উপাধ্যক্ষকে সকল প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে তার জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তীতে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।
কলেজের কয়েকজন শিক্ষক ও স্থানীয় বাসিন্দার দাবি, গত ৭ জুন অধ্যক্ষ মো. আছাদুজ্জামান কলেজে গেলে তাকে প্রয়োজনীয় নথিপত্র বুঝিয়ে দেওয়া হয়নি। বরং তাকে বিভিন্নভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ মো. আছাদুজ্জামান বলেন, অতীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটি আদালতে নিষ্পত্তি হয়েছে এবং সেখানে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর একটি মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ গভর্নিং বডির সভাপতি মো. শাহান শাহ তালুকদার বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে সকলকে বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। কেউ নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষক, কর্মচারী ও স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ই-মেইল: swadesherkhobor@gmail.com