শফিউল আযম, পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুত থাকা সত্ত্বেও তা যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।
নিহত রুহান মোল্লা উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে বাড়ির পাশের পুকুরে টেঁটা দিয়ে মাছ ধরতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, হাসপাতালে অ্যান্টিভেনম মজুত থাকলেও কর্তব্যরত চিকিৎসক তা প্রয়োগ না করে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা হেলাল মোল্লা বলেন, সাপের কামড়ের বিষয়টি জানানোর পরও চিকিৎসক অ্যান্টিভেনম দেননি। সময়মতো প্রতিষেধক দেওয়া হলে তার ছেলেকে বাঁচানো সম্ভব হতো।
তবে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন জানান, রাতে কর্তব্যরত চিকিৎসক রোগীর শরীরে সাপের কামড়ের সুস্পষ্ট কোনো লক্ষণ পাননি। তবে হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ই-মেইল: swadesherkhobor@gmail.com