
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ৬০০ জন অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তিনি উপকারভোগীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, ঈদ আনন্দের উৎসব। সমাজের অসহায় ও দুস্থ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে তাদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, ঈদকে সামনে রেখে পাওয়া এই অর্থ তাদের পরিবারের প্রয়োজন মেটাতে সহায়ক হবে। কারও কারও মতে, সামান্য হলেও এই সহায়তা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠিান শেষে উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে অর্থ বিতরণ করা হয়।
ই-মেইল: swadesherkhobor@gmail.com