নিজস্ব প্রতিবেদক:
কন্যাশিশুর স্বপ্নকে ডানা মেলতে এবং তাদের সম্ভাবনাকে বিকশিত করতে বাবাদের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গুড ড্যাডি ক্যাম্পেইন। Good Change for the World এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবার্স বাংলাদেশ সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার দাদপুর জি আর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো—এই অনুপ্রেরণাদায়ী শ্লোগানকে কেন্দ্র করে আয়োজিত ক্যাম্পেইনে বাবাদের মাঝে কন্যাশিশুর প্রতি দায়িত্ববোধ, যত্নশীলতা ও সমানাধিকার বিষয়ক সচেতনতা জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারী অভিভাবকরা তাদের মেয়েদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য এবং স্বপ্নপূরণে সর্বাত্মক সহায়তা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন বলেন, একটি কন্যাশিশুর সাফল্যের পেছনে পরিবারের সহায়ক পরিবেশ অপরিহার্য। বাবার উৎসাহ, ভালোবাসা ও দায়িত্বশীলতা একটি মেয়ের আত্মবিশ্বাস গড়ে তোলে এবং তাকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরনবী মিয়া, সিডিসি সভাপতি এনামুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুরুল ইসলাম এবং সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন। বক্তৃতারা আরো বলেন, কন্যাশিশুর বিকাশে বাবার সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে। পরিবারে সমতা, সম্মান ও সহমর্মিতার পরিবেশ নিশ্চিত করতে পারলে মেয়েরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও অভিভাবকের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। সচেতনতামূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং প্রতীকী অঙ্গীকার গ্রহণের মধ্য দিয়ে ক্যাম্পেইনটি এক অনন্য মাত্রা পায়। উপস্থিত বাবারা কন্যাশিশুর অধিকার রক্ষা ও তাদের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ই-মেইল: swadesherkhobor@gmail.com