রিয়াজুল হক সাগর, রংপুর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—১৩ এর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আসছে। নির্বাচন উপলক্ষে ঝুঁকি পর্যালোচনা করে বিভাগজুড়ে টহল জোরদার ও একাধিক স্থানে মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হওয়া একটি যৌথ মহড়া পাঁচপীর ও সাকুয়া এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, র্যাব—১৩ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
একই দিনে ঠাকুরগাঁওয়ের সৈয়দপুর ও হরিপুরে দুটি ভোটকেন্দ্রে সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবেলায় পৃথক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া নীলফামারীর ডিমলা ও নাওতারা ইউনিয়নে র্যাব-১৩, পুলিশ ও বিজিবির অংশগ্রহণে সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতা কার্যক্রম চালানো হয়।
রংপুরের মিঠাপুকুর এলাকায়ও যৌথ মহড়ায় প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।
র্যাব—১৩ জানায়, ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিত ও অবাধ, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। নাশকতা, সহিংসতা, গুজব ও অপরাধ দমনে চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ই-মেইল: swadesherkhobor@gmail.com