
ভারতে প্রতিটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পোস্টে মোদি লিখেছেন, আজ নারী দিবসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের কোটি পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে লাঘব হবে। এতে বিশেষভাবে উপকৃত হবে নারী শক্তি।
তিনি বলেন, রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে, আমরা পরিবারের মঙ্গলকে সমর্থন করা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখি। নারীর ক্ষমতায়ন ও তাদের 'জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য' আনতে আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মোদি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লিতে ১৪ দশমিক দুই কেজির একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ রুপি। মূল্যস্ফীতির লাগাম টানতে ভারতে গত বছর দুইবার এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে ২০০ রুপি থেকে ৩০০ রুপি করা হয়েছে। সবশেষ গতকাল ভারত সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এই ভর্তুকি অব্যাহত রাখার কথাও জানায়।
ই-মেইল: swadesherkhobor@gmail.com